দেবহাটায় ভিজিএফের ৭০০ কেজি চাল উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গতকাল শুক্রবার ভিজিএফ কর্মসূচির ৭০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। পরে এলাকাবাসী নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শাস্তির দাবিতে মিছিল করেছে।

ইউপি কার্যালয় ও আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় নওয়াপাড়া ইউনিয়নের ৪ হাজার ৬৩০ জন গরিব ও দুস্থ ব্যক্তির জন্য ১০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু ওই চালের মধ্যে ৫৫ বস্তা চাল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম স্থানীয় আজগর আলী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজগর আলী সেই চাল স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করেন। বিষয়টি জেনে যান নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হকসহ কয়েকজন।

মাহমুদুল হক বলেন, গতকাল বেলা ১১টার দিকে তিনি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব আলীসহ কয়েকজন হাদিপুর গ্রামের ফজলুর রহমান, আসাদুর রহমান, মাসুম বিল্লাহ ও আজগর আলীর বাড়ি থেকে ১৪টি বস্তায় ভর্তি ৭০০ কেজি চাল আটক করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে চাল উদ্ধার করে এবং ফজলুর রহমান, আসাদুর রহমান ও মাসুম বিল্লাহকে আটক করে।

আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা ভ্যানচালক। তাঁরা আজগরের চাল বহন করেছিলেন মাত্র। ঘটনার পর থেকে পলাতক থাকায় আজগর আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চাল উদ্ধারের খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের গাজীরহাট এলাকায় মিছিল বের করে শতাধিক ব্যক্তি। তারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ ও শাস্তির দাবি করে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাঁর ইউপির জন্য ৪ হাজার ৬৩০ জনকে বিতরণের জন্য ৯১৭ বস্তা চাল বরাদ্দ হয়। ৫ সেপ্টেম্বর সেই চাল উত্তোলন করে ৬ সেপ্টেম্বর বিতরণ করেছেন তিনি। গতকাল উদ্ধার হওয়া চাল কোথা থেকে এসেছে, তা তিনি জানেন না।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।