দেবহাটায় সওজের জায়গায় হিমাগারের প্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ১০ ফুট জমি দখল করে জেলা আওয়ামী লীগের নেতা মো. আবদুল গনি হিমাগারের প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে সওজ। গত শনিবার মেসার্স খাজা ওয়ার্ছি নামের এই হিমাগারটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।একাধিক সূত্র জানায়, সাতক্ষীরা-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দেবহাটার সখীপুরে খাজা ওয়ার্ছি কোল্ড স্টোরেজটি নির্মাণ করেছেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আবদুল গনি। ভবনটি নিজস্ব জমিতে নির্মাণ করা হলেও প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর তৈরি করা হয়েছে প্রধান সড়কের প্রায় ১০ ফুট জমি দখল করে। প্রাচীর সড়কের দিকে সরে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। জমি দখলের বিষয়টি অবহিত করে সওজের পক্ষে দেবহাটা থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী খান জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে দয়িত্বশীল কয়েকজন জানান, সওজ বিভাগের জায়গায় আবদুল গনির হিমাগারের সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়টি স্থানীয় সাংসদ ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে অবহিত করা হয়। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জানান, শনিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিমাগারটির উদ্বোধন করেন।এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ ও পুলিশ সুপার মো. মনির-উজ-জামান উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, অবৈধভাবে সওজের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে।আবদুল গনি দাবি করেন, তিনি কোনো জমি দখল করেননি। তবে তাঁর বিরুদ্ধে থানায় সওজের অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, ওই বিভাগের সার্ভেয়ার (জরিপকারক) তাঁকে নোটিশ করেছিলেন। এ বিষয়ে চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।