দেবাশীষ কারাগারে গ্রেপ্তার হয়নি দুই সহযোগী
ফরিদপুরে চাঁপা রানী হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে গতকাল থেকে বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে চাঁপা রানীর যমজ দুই মেয়ে। তারা মধুখালীতে ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চাঁপার স্বামী স্বপন কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাঁরা এখনো আতঙ্কে রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে দেবাশীষকে জিজ্ঞাসাবাদ করেন। রিমান্ড শেষে গতকাল দুপুরে তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম (৪ নম্বর আমলি আদালত) মোমিনুল হাসানের আদালতে সোপর্দ করা হয়। নতুন করে রিমান্ডের আবেদন না করায় আদালত তাঁকে ফরিদপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হয়নি দুই সহযোগী: মেয়েকে উত্ত্যক্তের প্রতিকার চাওয়ায় দেবাশীষ গত ২৬ অক্টোবর বিকেলে চাঁপা রানীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেন। ওই সময় মোটরসাইকেলে বসা ছিলেন দেবাশীষের বন্ধু মধুখালী বাজার এলাকার আলমগীর হোসেন ও পূর্ব গাড়াখালী গ্রামের সঞ্জয় রায় ওরফে অপু। ৩১ অক্টোবর দেবাশীষ গ্রেপ্তার হলেও তাঁর দুই সহযোগী এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। ফরিদপুরে মানববন্ধন: গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা কলেজের সামনে অম্বিকা সড়কে মানববন্ধন করে। নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও মধুখালীর চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীসহ সব বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি ও বখাটেদের হাত থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এতে কলেজের সব শিক্ষক ও ছাত্রী ছাড়াও ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার অংশ নেন।