দেবাশীষ তিন দিনের রিমান্ডে বখাটেদের দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা রনিকে গতকাল সোমবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে গতকাল আটটি মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতারা বখাটেদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।গতকাল সন্ধ্যায় মধুখালীতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে পরিচিত নয়টি চায়ের দোকান ভেঙে দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালীর মেলার মাঠ এলাকায় দুটি ও আশ্রয়ণ প্রকল্পে সাতটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।রিমান্ড মঞ্জুর: গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দেবাশীষকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী। হাকিম মমিনুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, দেবাশীষকে আপাতত ফরিদপুর কোতোয়ালি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজন হলে তাঁকে মধুখালী থানায় নেওয়া হতে পারে।দ্রুত বিচার দাবি: আটটি মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা গতকাল ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখালী গ্রামে নিহত চাঁপা রানীর বাড়ি পরিদর্শন করেন। বেলা তিনটায় তাঁরা ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে চাঁপা রানী হত্যার দ্রুত বিচার, তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর তিন মেয়ের শিক্ষার ব্যয়ভারের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, উত্ত্যক্ত ও হয়রানি বন্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দ্রুত আইন সংশোধন করার দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক, শিক্ষার্থী এবং সব শ্রেণীর নাগরিকদের সংঘবদ্ধভাবে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। লিখিত বক্তব্য পড়েন আইন ও সালিশ কেন্দ্রের সহকারী পরিচালক নিনা গোস্বামী।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যমের সম্পাদক কাজী সুফিয়া আক্তার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক ফরিদা ইয়াসমিন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের পরিচালক রেখা সাহা, নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা পুলক রঞ্জন পালিত, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট মুজিবর রহমান, কর্মজীবী নারীর মহিউদ্দীন হাওলাদার এবং নিজেরা করির কেন্দ্রীয় সহপ্রশিক্ষক হাসিনা আক্তার ও রাশিদা বেগম। পরে তাঁরা ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের সঙ্গে মতবিনিময় করেন।কর্মসূচি: মধুখালী উপজেলা বিএনপির উদ্যোগে বেলা সাড়ে তিনটায় চাঁপা রানীর বাড়ির কাছে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারপারসন সেলিমা রহমান। উপজেলা বিএনপির সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাংসদ শাহ্ মোহাম্মদ আবু জাফর, মো. নাসিরুল হক, নেওয়াজ মো. খৈয়াম, ইয়াসমিন আরা হক প্রমুখ। এ ছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে বেসরকারি সংস্থা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ (রাসিন) ও অ্যাকশন এইডের সদস্যরা।মনিটরিং সেল: চাঁপা রানী হত্যা মামলা তদারক করার জন্য বেসরকারি সংস্থা ব্লাস্ট ও রাসিনের উদ্যোগে একটি মনিটরিং সেল বা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হচ্ছে। সেলের সদস্যরা প্রতি মাসে একবার সভা করে এই হত্যা মামলাসহ উত্ত্যক্ত করা ও যৌন হয়রানির ঘটনাগুলো পর্যালোচনা করবে। গতকাল বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আটটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই সেল গঠনের ঘোষণা দেওয়া হয়।মেয়েদের বক্তব্য: মানবাধিকার সংগঠনের নেতাদের কাছে চাঁপা রানীর মেয়েরা বলেন, ‘ইভ টিজিংয়ের বিরোধিতা করে আমাদের মা নিহত হয়েছেন। আমার মা যে প্রতিবাদ শুরু করে গেছেন; আমরা সেই প্রতিবাদের সাফল্য প্রত্যাশা করি। অপরাধী কোনোভাবে যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। আমাদের মায়ের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের এই ক্ষতির মধ্য দিয়ে দেশের সব মেয়ে যদি নিরাপদে থাকতে পারে, তবেই আমাদের মায়ের জীবন উৎসর্গ সার্থক হয়েছে বলে আমরা মনে করব।’পুলিশের বক্তব্য: ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির বলেন, চাঁপা রানী হত্যা মামলাটি ‘চাঞ্চল্যকর’ হিসিবে গণ্য করে বিশেষ নজরদারি করতে ঢাকায় পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করার জন্য দু-এক দিনের মধ্যেই প্রস্তাব পাঠানো হবে। মামলাটির অভিযোগপত্র জমা দেওয়ার পর এটি যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সুপারিশ পাঠানো হবে।