দেবীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে চার দিন পর গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ইয়াসির জামান (২৮) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার ইয়াসিরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি ইয়াসির ওই এসএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে পালিয়ে যান। পরে ওই তরুণ নীলফামারীসহ বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে ওই ছাত্রীকে নিয়ে অবস্থান করেন। গত মঙ্গলবার গোবিন্দগঞ্জে ওই স্কুলছাত্রীকে নিয়ে আবাসিক হোটেলে ওঠার সময় স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বুধবার রাতে তাঁদের দেবীগঞ্জ থানায় স্থানান্তর করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। এদিকে এর আগেই বুধবার সকালে এ ঘটনায় দেবীগঞ্জ থানায় অপহরণের মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা। ওই তরুণ এর আগেও বিভিন্ন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে একাধিক বিবাহ করেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, অপহরণের শিকার স্কুলছাত্রীকে গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তরুণকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।