দেবীগঞ্জে ইউএনওকে লাঞ্ছিত করে কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গতকাল বৃহস্পতিবার লাঞ্ছিত করে কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয় ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের কিছু কর্মী এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে তালা ভেঙে ইউএনওকে উদ্ধার করে। এ ঘটনায় ইউএনও তিনজনের নাম উল্লেখসহ ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।ইউএনও আবু জাফর সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সোহেল ও স্বপনের নেতৃত্বে ১২-১৪ জন যুবক উপজেলা পরিষদ ভবনে তাঁর দোতলার কার্যালয়ে ঢোকেন। তাঁরা গত রোববার প্রকাশিত জাতীয় পুষ্টি প্রকল্পের পরীক্ষায় উত্তীর্ণের তালিকায় পছন্দের প্রার্থীদের নাম না থাকার কারণ জানতে চান। জবাবে তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এটা নিয়োগ কমিটির সদস্যরা করেছেন। এতে তাঁর কোনো হাত নেই বলে তিনি জানান। এ সময় যুবকদের অনেকে ক্ষুব্ধ হয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁরা কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন এবং দরজায় তালা লাগিয়ে চলে যান। আধা ঘণ্টা পর দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের কর্মীরা যাওয়ার সময় নিচতলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেন এবং কর্মকর্তা মতিউর রহমানকে আঘাত করেন। তাঁরা অফিস সহকারী আরমান আলীর মোবাইল ফোনসেট নিয়ে যান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারার (টিএমএসএস) অধীনে জাতীয় পুষ্টি প্রকল্পের জন্য ১০ জানুয়ারি কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রামার পদে ১৬২ জন কর্মী ও ১৬ জন সুপারভাইজার নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত রোববার পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। ইউএনও আবু জাফর ওই নিয়োগ কমিটির সভাপতি ছিলেন।এ ব্যাপারে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা বখাটে ছেলে। তাঁর দাবি, তারা ছাত্রলীগের কেউ নয়।তবে নিয়োগ কমিটির সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, ‘নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম না।’ তিনি সোহেল ও স্বপনকে ছাত্রলীগের সমর্থক বলে জানান।দেবীগঞ্জ থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সোহেল, স্বপন, মশিউরসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউএনও।