দেবীগঞ্জে কালাজ্বরে আক্রান্ত একজনের মৃত্যু, আক্রান্ত বহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে কালাজ্বরে আক্রান্ত যামিনী কুমার রায় (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। ১৪ দিন আগে কালাজ্বরে আক্রান্ত হয়ে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি উপজেলার দাড়ারহাট এলাকায়। এরই মধ্যে কয়েক দিনে আরও ৪৩ জন কালাজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে দাড়ারহাট গ্রামে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি চিকিৎসা শিবির ক্যাম্প স্থাপন করা হয়েছে।কালাজ্বরে আক্রান্ত রোগীদের অভিযোগ, দেবীগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাঁরা সুচিকিৎসা পাচ্ছেন না। দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট ছাড়াও পাশের শালডাঙ্গা ইউনিয়নের পাইকারপাড়া, দীঘল গ্রাম, পূর্বশিকারপুর, দাশপাড়া, ঝান্টাপাড়া, শিমুলগুড়ি ও ধ্যানগ্রামেও কালাজ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ চিকিৎসা দল দাড়ারহাট এলাকা পরিদর্শন করেছে।দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, দাড়ারহাট এলাকায় কালাজ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কিত লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া বসরী কালাজ্বরে আক্রান্ত একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, কালাজ্বরে আক্রান্ত ৪৩ জন রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত দুই শতাধিক মানুষের শরীরে কালাজ্বরের জীবাণু পাওয়া গেছে।সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর জন্য সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি চিঠি পাঠানো হয়েছে।