দেবীগঞ্জে কালাজ্বরের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ও শালডাঙ্গা ইউনিয়নে কালাজ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত ৬০ জনের রক্তে কালাজ্বরের জীবাণুু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুুদ জানান, সম্প্রতি এলাকায় বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হওয়ার পর শতাধিক রোগীর রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের রক্তে কালাজ্বরের জীবাণু পাওয়া গেছে। পরে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হলে চলতি মাসের ৭ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের ডা. রায়হানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করে।মাসুদ আরও জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে ২৫ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিয়মিত পরিস্থিতি তদারক করা হচ্ছে। তাদের হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকলেও শিগগিরই তা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসে যাবে বলে জানান তিনি। আবাসিক চিকিৎস্যা কর্মকর্তা (আরএমও) কামরুজ্জামান খান জানান, এখানে কালাজ্বর পরীক্ষার সুযোগ সীমিত আকারে রয়েছে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ব্যাপারে সতর্কতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামান জানান, তিনি গত সোমবার এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এ রোগ হলে প্রচণ্ড জ্বরের সঙ্গে শরীর ও মাথা ব্যথা করে। যকৃৎ ও প্লিহা বড় হয়ে যায়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসায় এ রোগ ভালো হয়। কালাজ্বরে আক্রান্ত দেবীডুবা ইউনিয়নের দানারহাট গ্রামের সাইব্বা রানী জানান, তিনি বাসায় বসেই ওষুধ খাচ্ছেন। স্বামী হরেন্দ্র নাথ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কয়েক বছর আগে তাঁর মেয়ে সমারী রানী কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারমান আবদুর রাজ্জাক জানান, এলাকার অনেকেই এ রোগে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বরে আক্রান্ত অনেক রোগীর রক্ত পরীক্ষা এখনো করা হয়নি। শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী বলেন, এখানে এখনো কালাজ্বর ব্যাপক আকারে দেখা দেয়নি। তবে এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এর প্রকোপ ছড়াতে বেশি সময় লাগবে না।