দেবীগঞ্জে পুলিশের 'সোর্স'কে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একাধিক ডাকাতি মামলার আসামি ও পুলিশের ‘সোর্স’ সানোয়ার হোসেনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার দেবীগঞ্জ-দেবীডুবা রোডের মেকুমারি দহলা সেতুর কাছে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, সানোয়ার আগে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ডাকাতি ছেড়ে দিয়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন। এ কারণেই তাঁকে হত্যা করা হতে পারে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাত নয়টার দিকে দেবীগঞ্জ সদর থেকে পূর্ব দেবীডুবা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সানোয়ার। পথে মেকুমারি দহলা সেতুর পাশে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে দেবীগঞ্জ থানার পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোনায়েম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সানোয়ারকে হত্যা করা হয়েছে। তিনি এলাকায় কুখ্যাত সানোয়ার ডাকাত নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।