দেবীগঞ্জে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে গত বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের টিনশেড ভবনের পাঁচটি কক্ষ, আসবাব, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ও সনদসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নীলফামারীর ডোমার ও পঞ্চগড়ের বোদা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁরা আসার আগেই বিদ্যালয়ের টিনশেড ভবনের পাঁচটি কক্ষ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এ ছাড়া কম্পিউটারের যন্ত্রাংশ, আলমারি, চেয়ার-টেবিল, বেঞ্চ, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি, সনদসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এ কারণে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ক্লাস করতে পারেনি। আগামী শনিবার থেকে তাদের গাছতলায় ক্লাস করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনাকে নাশকতামূলক বলে দাবি করেছে। প্রধান শিক্ষক মোছা. খালেদা বেগম বলেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতামূলক। কারণ ওই সময় বিদ্যুৎ ছিল না।’দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।