দেবীগঞ্জে স্কুলছাত্র খুন সৎভাই গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাজু চৌধুরীকে (১৩) পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খুনের অভিযোগে পুলিশ সৎভাই ডাবলু চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে। রাজু উপজেলা সদরের সবুজপাড়ার সফিয়ার রহমান চৌধুরীর ছেলে।পুলিশ জানায়, রাজু চৌধুরী দেবীগঞ্জ উপজেলা সদরের সবুজপাড়ার বাড়ি থেকে ২৮ আগস্ট বিকেলে খালি পায়ে বেরিয়ে যাওয়ার পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। ৩০ আগস্ট দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিন বিকেলেই বাড়ির পাশের বিজেএমসির একটি পরিত্যক্ত গুদাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে দুই দিন আগেই হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তাঁর মা জিনাত রেহানা একটি হত্যা মামলা করেছেন। মামলায় সৎভাই ডাবলু চৌধুরীকে আসামি করা হয়েছে।দেবীগঞ্জ থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, ডাবলু চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে।