দেবীগঞ্জে হাটবাজার ইজারায় অনিয়ম
দেবীগঞ্জ উপজেলার ছয়টি হাটবাজার ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে গত বছরের চেয়ে এবার সরকারের কমপক্ষে ২৫ লাখ টাকা ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দরপত্র দাখিলে বাধাদান ও সমঝোতার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কাজে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।অভিযোগ রয়েছে, গত বছর এসব হাটবাজারের ইজারামূল্য ছিল ৭৭ লাখ টাকা। এবার মাত্র ৫২ লাখ টাকায় ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) কতিপয় সদস্যের আপত্তির পরও অনুমোদন দেওয়া হয়। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ, দেবীগঞ্জ, ভাউলাগঞ্জ, ট্রেপ্রিগঞ্জ, লক্ষ্মীরহাট ও জগন্নাথহাটের বাংলা ১৪২০ সনের জন্য ইজারার দরপত্র দাখিলের শেষ সময় ছিল ২৬ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র বিক্রি হয়েছে ৮৮টি। কিন্তু সমঝোতার কারণে দরপত্র জমা পড়েছে মাত্র ১৬টি। ভাউলাগঞ্জ বাজারের ব্যবসায়ী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ‘সাত লাখ টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র দাখিল করতে গেলে দুর্বৃত্তরা সেটি ছিনিয়ে নেয়। পরে আমার দরপত্রে ১১ লাখ ৯০ হাজার টাকা দর লিখে সেটি দাখিল করে। গত বছর এ হাটের ইজারামূল্য ছিল ১৭ লাখ ১১ হাজার টাকা। এবার এ হাটের মূল্য কমপক্ষে ২১ লাখ টাকা হবে। আমি নিজেও ২১ লাখ ৫০ হাজার টাকায় এ হাট ইজারা নিতে রাজি আছি। এ ব্যাপারে জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ করেছি।’ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর কালীগঞ্জ হাটের ইজারামূল্য ছিল ২০ লাখ ৫০ হাজার টাকা। এবার কমে হয়েছে ১২ লাখ ৮০ হাজার টাকা। একইভাবে দেবীগঞ্জ হাটের ইজারামূল্য নয় লাখ ৫২ হাজার টাকা থেকে এবার কমে পাঁচ লাখ ৫২ হাজার টাকা হয়েছে। এমনিভাবে প্রত্যেকটি হাটের ইজারামূল্য গত বছরের চেয়ে অনেক কম করা হয়েছে। দেবীগঞ্জের এসব হাটবাজার ইজারায় অনিয়মের বিষয়টি ৭ মার্চ জেলা উন্নয়ন কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এসব কিছু তো আমাকেই করতে হবে। এতে করে সবাই লাভবান হবে।’ইউএনও মাহবুবু উল আলম বলেন, ‘আমি আপত্তি করার পরও উপজেলা পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে গত বছরের চেয়ে কমপক্ষে ২৫ লাখ টাকা সরকারের ক্ষতি হবে।’জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।