দেবীগঞ্জে ১০টি পরিবারের ১৯টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ১৯টি ঘর পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন দুজন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে নীলফামারীর ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গ্রামের লোকমান হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ১০টি পরিবারের ১৯টি ঘর পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪৫) এবং মোছা. বেদেনা (৩৮) দগ্ধ হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আগুনে আসবাব, নগদ অর্থ, ধান-চালসহ গবাদিপশু পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গভীর রাতে আকস্মিক আগুনে গ্রামের ১৯টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পুলিশ ও বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।