দেবীগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা যুবদলের বিবদমান দুটি পক্ষ একই স্থানে সম্মেলন আহ্বান করায় উপজেলা প্রশাসন সংঘর্ষের আশঙ্কায় এ উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের একটি পক্ষের আহ্বায়ক মঞ্জুর মোরশেদ গতকাল শনিবার সকাল ১০টায় দেবীগঞ্জ শহরের দেবদারু তলায় সম্মেলনের আয়োজন করেন। একই স্থানে একই সময়ে যুবদলের অপর পক্ষের আহ্বায়ক তফসিকুল ইসলাম সম্মেলন আহ্বান করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল হক ১৪৪ ধারা জারি করেন। যুবদলের এক পক্ষের আহ্বায়ক তফসিকুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি নিয়ে দেবীগঞ্জ উপজেলা যুবদল দেবদারু তলায় সম্মেলনের স্থান নির্ধারণ করে। কিন্তু ওই পক্ষ সম্মেলন বানচাল করতে একই স্থানে সভা আহ্বান করে।অপর পক্ষের আহ্বায়ক মঞ্জুর মোরশেদ দাবি করেন, তাঁরা যুবদলের মূল সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এ কারণে তাঁরাই প্রথমে সম্মেলন আহ্বান করেছেন। তফসিকুল তথাকথিত আহ্বায়ক সেজে সম্মেলন আহ্বান করেছেন। জেলা যুবদলের সভাপতি মির্জা নাজমুল ইসলাম জানান, মঞ্জুর মোরশেদই আসল আহ্বায়ক। তফসিকুল আহ্বায়ক নন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।