বন বিভাগ মালিকানা দাবি করায় বিপাকে পড়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তিন সহস্রাধিক ভূমিমালিক। তাঁদের দাবি, পৈতৃক ও ক্রয়সূত্রে তাঁরা জমির মালিক, অথচ বন বিভাগ এখন জমির মালিকানা দাবি করছে।
সোনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে হাচান আলী (৩২) বলেন, ‘আমরা ছয় ভাই। পৈতৃক সূত্রে আমরা ৩৮ শতক জমির ওপর বসতবাড়ি করে বসবাস করছি। আমাদের দলিল-খারিজ সবই আছে। সর্বশেষ জরিপের পর তহশিল অফিস আমাদের খাজনা নেওয়া বন্ধ করেছে। এগুলো নাকি বন বিভাগের জমি। এখানে ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে কোনো বনজঙ্গল নাই। তারা কীভাবে এ জমির মালিক, সেটাও জানি না।’
দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামের হাবিবুর রহমান (৪৫) বলেন, ‘আমার দাদার নামে রেকর্ড করা নতুন বন্দর গ্রামে ১২ দশমিক ১৯ একর এবং দেবীডুবা ইউনিয়নে ১৪ একর জমি ফরেস্ট দাবি করছে। অথচ ওই জমির ওয়ারিশ হিসাবমতে আমরা ভোগদখল করছি, খাজনা দিচ্ছি। তারা কীভাবে ওই জমির মালিকানা দাবি করছে, আমাদের জানা নেই। তারা দাবি করছে, আমার দাদা মৃত তছির উদ্দিন তাদের লিখে দিয়েছে। কিন্তু তারা এ রকম কোনো কাগজও দেখাতে পারছে না।’
দেবীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি মো. সফিয়ার রহমান চৌধুরী বলেন, সর্বশেষ জরিপে দেবীগঞ্জ উপজেলায় প্রায় তিন হাজার পরিবারের মালিকানাধীন দেড় হাজার একর জমির মালিকানা দাবি করছে বন বিভাগ। কিন্তু ওই জমির কোনো ক্ষতিপূরণ কিংবা কোনো জমির মালিককে নোটিশও করেনি। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে তৎকালীন জেলা প্রশাসক ও বন কর্মকর্তা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে জেলা প্রশাসক বলেন, কোনো সংরক্ষিত বনভূমি ঘোষণা করতে চাইলে সেই জমি সরকারি মালিকানাধীন হতে হবে ও সেখানে বনসম্পদ থাকতে হবে। কিন্তু এসব জমি ব্যক্তিমালিকানাধীন।
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার বলেন, গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার ১৯৬২ সালে এসব জমি বন বিভাগকে দেয়। তবে জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জমি ফেরত বা মালিকানা নির্ধারণের বিষয়টি বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ই কেবল নির্ধারণ করতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম বলেন, এসব জমি নিয়ে বন বিভাগের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষে মালিকানার সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। এ বিরোধ নিষ্পত্তি করতে হলে বন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত লাগবে।