দেবীগঞ্জের যোদ্ধা কিশোরীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ক্রিকেট দলের অনুশীলন চলছে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে। গত বুধবার তোলা ছবি l জাহিদুল করিম
পঞ্চগড়ের রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ক্রিকেট দলের অনুশীলন চলছে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে। গত বুধবার তোলা ছবি l জাহিদুল করিম

রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে গত বুধবার সকালবেলা অনুশীলন করছিল সে। তার পাশে আরও ১৩ জন কিশোরী। সবার মধ্যেই রোকসানার মতোই আত্মবিশ্বাস। হবে না-ই বা কেন? মাত্র অল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে তারা সবাই। সুদূর পঞ্চগড়ের এক প্রত্যন্ত উপজেলা দেবীগঞ্জের একটি বেসরকারি স্কুলের ১৪ জনের ক্রিকেট দল এখন রাজধানীতে। একের পর এক বিভিন্ন পর্যায়ে বড় বড় স্কুলের দলকে হারিয়ে এসেছে
তারা। সামনে আর মাত্র দুটি ম্যাচ। জিতলেই দেশে মেয়েদের সেরা ক্রিকেট স্কুল দলের খেতাব ।

স্কুলের নাম রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়। স্কুলের মাঠে দাঁড়ালে আবছা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া। মূলত দরিদ্র দিনমজুর ও কৃষকের সন্তানেরা পড়ে এই স্কুলে। ২০১৫ সালের মাঝামাঝি যখন ঠিক হলো ক্রিকেট দল গড়া হবে, তখন সরঞ্জাম কেনার টাকা কোথা থেকে আসবে, সেটাও এক দুর্ভাবনা ছিল। ক্রিকেটের অ, আ, ক, খ কিচ্ছু জানা ছিল না কারও। ব্যাপারটা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় ওঠার মতোই কঠিন চ্যালেঞ্জ ছিল স্কুলের শারীরিক শিক্ষক ইসমত আরার কাছে।

ইসমত আরা প্রথম আলোকে বলেন, ‘এলাকার গণ্যমান্যদের কাছে ক্রিকেট সরঞ্জাম কিনতে সাহায্যের আবেদন করি। সাড়া তেমন পাইনি। আমাদের উপজেলার চেয়ারম্যান হাসনাত জাহান এক জোড়া ব্যাট, দুই জোড়া ব্যাটিং গ্লাভস, প্যাড, কিপিং গ্লাভস কিনে দেন।’

ব্যাট-গ্লাভস জোগাড় হলেও ক্রিকেটের বল তো পাওয়া যায় না দেবীগঞ্জে। ৯০০ টাকা জোগাড় করে যেতে হলো পাশের নীলফামারী জেলার ডোমার উপজেলায়। সেখান থেকে দুটি বল কিনে শুরু হয় পুরোদস্তুর অনুশীলন। ২০১৫ সালের অক্টোবর মাসে স্কুল মাঠে ১৫ কিশোরীকে প্রশিক্ষণ দেন শাহীনুর রহমান নামে এলাকার এক যুবক। ঢাকায় তৃতীয় বিভাগে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে শাহীনুরের।

শুরুর দিনগুলো নিয়ে শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিকে মেয়েরা ব্যাট মাটির সঙ্গে ছেঁচড়ে চালাত। বল করত হাত বাঁকা করে ঢিল ছোড়ার মতো করে। কতটি বল করলে এক ওভার হয় ওরা জানত না। ব্যাট চালানো, বল করার নিয়ম আগে শেখানো হয়। তবে ওদের চেষ্টার প্রবল আগ্রহ ছিল বরাবরই। এ জন্যই জেলা ও আঞ্চলিক পর্যায়ে সেরা হতে পেরেছে।’

শিক্ষক ইসমত আরা ও প্রশিক্ষক শাহীনুর রহমান বলেন, প্রথমে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের দলটি তেঁতুলিয়ার নাওয়াপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালে বিভাগীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় কুড়িগ্রাম ও লালমনিরহাটকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। রংপুরে অনুষ্ঠিত আসরে ঠাকুরগাঁওকে হারিয়ে বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে। আঞ্চলিক পর্যায়ে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর একটি স্কুল ছিল তাদের প্রতিপক্ষ। সেখানে জয় পেয়ে ঢাকায় এসেছে দেবীগঞ্জের কিশোরী ক্রিকেটাররা।

ঢাকায় এসেও জয়যাত্রা থামেনি।গত মঙ্গলবার ৪৬তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটের প্রথম ম্যাচে ৩৫ রানে তারা হারিয়ে দেয় বরিশাল জেলার আলহাজ জলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে।

এতটা পথ উঠে আসতে দলের সবাইকে অজস্র বাধাবিপত্তি ডিঙিয়ে আসতে হয়েছে। দলের অধিনায়ক রোকসানার বাবা মইন উদ্দিন মারা গেছেন কয়েক বছর আগে। মা হাসিনা বেগম জর্ডানে গৃহকর্মীর কাজ করেন। ছোট দুটি ভাই রয়েছে দেবীগঞ্জে। তাদের জন্য রান্না করা, খাওয়ানো—সবই করতে হয় রোকসানাকে। তারপর বাইসাইকেল চালিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে স্কুলে। বিকেলে স্কুল ছুটির পর ক্রিকেট চর্চা শুরু করে দশম শ্রেণির এই শিক্ষার্থী।

দলের অলরাউন্ডার আশামণি পেস বোলিং করে। তবে ওর জীবন গতিময় নয়। অষ্টম শ্রেণির ছাত্রী আশার বাবা জমির আলী বাসাবাড়িতে কাজ করেন। তার সহপাঠী তনিমা আক্তার ওপেনিং ব্যাটার। তার বাবা তৌহিদুল ইসলাম গভীর নলকূপ বসানোর কাজ করে সংসার চালান।

জীবনের অন্তহীন টানাপোড়েন তাদের দমিয়ে রাখতে পারেনি। ক্রিকেট খেলেই সাফল্যের চূড়ায় উঠতে চায় আশা, রোকসানা, তনিমারা।