দেবীদ্বার-চান্দিনা সড়কের সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। গত রোববার দুপুরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ওই কাজের উদ্বোধন করেন।
দেবীদ্বার উপজেলার ছোট আলমপুর, বারেরা, ভূষণা, পুণরা, মাসিকরা, এলাহাবাদ, বৈষেরকোট, কুরুইন, ছেঁচড়াপুকুরিয়া, নবীয়াবাদ ও বাগুর এলাকার অন্তত ১৫ জন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে এ সড়কের সংস্কারকাজ হয়েছিল। এরপর এ সড়কে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। সড়কের অন্তত এক হাজার স্থানে গর্ত রয়েছে। কোথাও কোথাও সড়ক থেকে মাটি সরে গেছে। এ সড়ক দিয়ে দেবীদ্বার থেকে বিকল্প পথে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে দ্রুত যাতায়াত করা যায়। এ ছাড়া এই এলাকার মানুষের সবজি এ সড়ক দিয়ে নিমসার বাজার, কুমিল্লা ও ঢাকায় নেওয়া সহজ হবে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন বলেন, বরাদ্দ না থাকায় এ সড়কটি এত দিন মেরামত করা হয়নি। সড়ক সংস্কারের জন্য ৪ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।