দেবীদ্বার পৌরসভায় সব আছে নেই নির্বাচিত জনপ্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার পৌরসভার গুনাইঘর এলাকায় দোতলা পৌর ভবন রয়েছে। আছেন কর্মকর্তা-কর্মচারী। নাগরিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে পৌরসভা থেকে। নেই কেবল নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উপজেলা পরিষদ কার্যালয়সংলগ্ন পৌর পাঠাগারে চলছে পৌরসভার কাজ। এই অবস্থায় প্রতিষ্ঠার এক যুগেও আইনি জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। আগ্রহী সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা নির্বাচনের জোর দাবি জানিয়েছেন। দেবীদ্বার পৌরসভার সচিব মো. সহিদুল ইসলাম জানান, ২০০২ সালের আগস্ট মাসে কুমিল্লার দেবীদ্বার পৌরসভা ঘোষণা করা হয়। ২০০৩ সালের ১২ মার্চ তৎকালীন বিএনপিদলীয় সাংসদ উপজেলা পরিষদ কার্যালয়ের একটি টিনশেড ভবনে পৌরসভার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। এরপর ২০০৫ সালে পৌরসভার পশ্চিম প্রান্তে গুনাইঘর এলাকায় দোতলা একটি পৌর ভবন নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে সেখানে পৌরসভার কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দূরত্বের অজুহাত দেখিয়ে সেখান থেকে পৌরসভার কার্যক্রম স্থানান্তর করা হয় উপজেলা পরিষদসংলগ্ন পৌর পাঠাগারে। বর্তমানে পাঠাগারের দ্বিতীয় তলার একটি কক্ষ এবং নিচতলার দুটি কক্ষে পুরো পৌরসভার কাজ চলে। তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১১ সালের ১৮ জানুয়ারি কুমিল্লার সাতটি পৌরসভায় নির্বাচন হলেও দেবীদ্বার পৌরসভায় নির্বাচন হয়নি। আসাদুজ্জামান পাঠান নামের এক ব্যক্তি পৌরসভা বাতিলের দাবিতে একটি এবং সীমানা নির্ধারণ নিয়ে আরেকটি মামলা করায় ওই নির্বাচন হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাকালীন সময়ে শর্ত ধামাচাপা দিয়ে দেবীদ্বারকে পৌরসভায় উন্নীত করা হয়। তখন বলা হয়, দেবীদ্বার পৌর এলাকায় ৮০ ভাগই অকৃষি জমি। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো। এরই পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে হাইকোর্টে রিট হয়। বর্তমানে সেটি বিচারাধীন রয়েছে। পৌরসভার সচিব মো. সহিদুল ইসলাম জানান, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এ পৌরসভার সার্বিক কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা আইনগত প্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ, পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম, স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য মনিরুল আলম ভূঁইয়া নির্বাচন করবেন বলে জানা গেছে। তাঁরা প্রত্যেকেই নির্বাচনের দাবি জানান।দেবীদ্বার পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, ‘পৌর ভবনটি পৌর এলাকার এক প্রান্তে হওয়ায় সেখানে নাগরিকেরা যেত না। এই অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর কার্যক্রম পাঠাগারে চালু করা হয়। দুই মামলা থাকায় নির্বাচন হচ্ছে না। তাই নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছি। নির্বাচিত জনপ্রতিনিধি এলে পৌরসভার আরও উন্নয়নমূলক কাজ হবে।’