কুমিল্লা দক্ষিণে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
দেবীদ্বারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আওয়ামী লীগের তিন সমর্থক গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলা পরিষদ ফটকে এ ঘটনা ঘটে।
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান নেওয়া নিয়ে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। নগরের রামঘাট দলীয় কার্যালয়ের প্রবেশমুখে ওই ঘটনা ঘটে।
দেবীদ্বারের ঘটনায় কুমিল্লা-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সী ও তাঁর ছেলে রিজভিউল আহসান মুন্সীসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফিরছিলেন। ওই সময় উপজেলা পরিষদের ফটকের সামনে দিয়ে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন মনজুরুল আহসান মুন্সী। আওয়ামী লীগের নেতা-কর্মীদের জটলার কারণে তাঁর গাড়িবহর ঠিকমতো যেতে পারছিল না। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মনজুরুল আহসানের গাড়িবহর আটকে দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে সাবেক সাংসদের গাড়ির কাচ ভেঙে যায়। ওই সময় ৮-১০টি গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, সংঘর্ষে দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন (২৮), পৌর যুবলীগের সহসভাপতি মাসুম রানা (২৮) ও সদস্য আবু হানিফ গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনজুরুল আহসান বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ তাদের পরাজয় সুনিশ্চিত ভেবে মনজুরুল আহসানের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। তাঁর দাবি, হয়রানি করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধ মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও এ এফ এম তারেকের বড় ভাই এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, মনজুরুল আহসানের নেতৃত্বে হামলা ও গুলির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মনজুরুল আহসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
এদিকে দলীয় নেতা-কর্মী ও পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার জন্য গতকাল সকাল সাতটার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারীরা। আফজল খানের অনুসারীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে ঢোকামাত্রই দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ওই সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে গুলির শব্দও শোনা যায়। পরে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আফজল খান ও কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. ওমর ফারুক নেতা-কর্মীদের নিয়ে ফিরে যান।
আফজল খানের বড় ছেলে ও বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান বলেন, ‘দলীয় কার্যালয়ে সভা করতে গেলে এমপির গুন্ডাপান্ডারা আমাদের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে আমাদের কর্মী নিশাত, বাবু, ইয়াছিন ও মফিজ এবং একজন পথচারী আহত হন।’
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের দলীয় কার্যালয়ে ঢোকার কোনো অধিকার নেই। তাই দলীয় নেতা-কর্মীরা তাঁদের ঢুকতে দেয়নি।’