দেবীদ্বারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউএমএ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনার পর ওই নির্বাচন স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়শালঘর ইউএমএ উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দুটি পক্ষ অংশ নেয়। এক পক্ষে সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত বড়শালঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম। আরেক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস। গতকাল শনিবার সকালে ভোট গ্রহণ শুরু হয়। বিদ্যালয়সংলগ্ন সৈয়দপুর বাজারে মো. ইউনুসের অনুসারী এক ব্যক্তির ওপর মোটরসাইকেল তুলে দেয় প্রতিপক্ষের লোকজন। ওই সময়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জহিরুল ইসলামের লোকজন দুটি দোকান ও আরও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু হয়। এ সময় মো. ইউনুসের অনুসারী আবদুল মান্নান, সাব্বির হোসেন, এনামুল হক, আবদুল মতিন ও সিরাজুল ইসলাম আহত হন। অন্যদিকে জহিরুল ইসলামের সমর্থক শাহাদাত হোসেন ও বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনসুরুল ইসলামের বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয় এবং তাঁদের মারধর করা হয়। সংঘর্ষের সময় ভোট দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকেরা ছোটাছুটি করে সেখান থেকে সরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে গিয়ে নির্বাচন স্থগিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আনোয়ার উল হালিম।
এ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস পরস্পরকে দায়ী করেছেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড গুলি করে। সেখানে কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।