দেবীদ্বারে ইউপি চেয়ারম্যানের রিভলবার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম খানের রিভলবার জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দেবীদ্বার উপজেলা কমপ্লেক্স এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়।
জানা যায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে উপজেলা কমপ্লেক্স এলাকায় কোলাকুলি করছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম। ওই সময় স্বতন্ত্র প্রার্থী রাজী ওই চেয়ারম্যানের কোমরে রিভলবার দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দিয়ে রিভলবারটি জব্দ করান। আবদুল হাকিম আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. রোশন আলীর পক্ষে নির্বাচনে কাজ করছেন। আগ্নেয়াস্ত্রটি বর্তমানে দেবীদ্বার থানায় রয়েছে। দেবীদ্বার থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, ইউপি চেয়ারম্যানের রিভলবার বৈধ। মৌখিক অভিযোগ ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সাধারণ ডায়েরির মাধ্যমে তাঁর রিভলবারটি জব্দ করা হয়েছে।