দেবীদ্বারে চার হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার চার হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, বড়কামতা ইউনিয়নের আশুরা থেকে বাগমারা পর্যন্ত দেড় কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে। এ সময় ১৫১টি অবৈধ রাইজার উদ্ধার করা হয়। এ সময় ইউএনও সাইফুল ইসলামের সঙ্গে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কর্মকর্তা, প্রকৌশলী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘দেবীদ্বার উপজেলার আশুরা ও বাগমারা এলাকার দুই কিলোমিটার অংশে গত বছর অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। ফারুক হোসেন নামের একজন ঠিকাদার গ্রাহকদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে জাল সই দিয়ে চাহিদাপত্র তৈরি করেন। এরপর এলাকাবাসীর কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন। ওই খবর পাওয়ার পর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে যাই। আরও আধা কিলোমিটার অংশের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’
ভুক্তভোগী অন্তত পাঁচজন গ্রাহক বলেন, ‘আমরা কাগজপত্রের মাধ্যমে বৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছি। এখন দেখি সেটি ভুয়া। এর জন্য আমরা দায়ী না, দায়ী ঠিকাদার ও বাখরাবাদের কিছু অসাধু প্রকৌশলী ও কর্মকর্তা।’
বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) মো. আবুল বাশার বলেন, অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।