দেবীদ্বারে জামায়াত ও পুলিশের ব্যাপক সংঘর্ষ
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকায় গতকাল শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের ২৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে দেবীদ্বার মডেল থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) গোলাম জিলানী মামলার বাদী হয়েছেন। উভয় মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা জামায়াতের আমির আবদুস সালাম, পৌর আমির ও দেবীদ্বারের ইবনে সিনা হাসপাতালের পরিচালক মনিরুল আলম পাঠানও রয়েছেন। পুলিশের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল থেকেই দেবীদ্বার হিলফুল-ফুজুল বিদ্যালয়ে জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ৬০ জন শীর্ষ নেতার জরুরি বৈঠক বসে। বৈঠকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও সাবেক আমির গোলাম আযমের ফাঁসির রায় ঘোষণার দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবীদ্বারে কী করা হবে—সে বিষয়ে আলোচনা চলছিল। খবর পেয়ে সকাল আটটায় পুলিশের সদস্যরা ওই বিদ্যালয়টি ঘিরে ফেলেন। একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরা বিদ্যালয়ের বেঞ্চের পায়া ভেঙে এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির আহমেদ, কনস্টেবল বাদল মিয়া, শুক্কর আলী ও পুলিশের গাড়িচালক মো. আবদুল্লাহ আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবীদ্বার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার উৎখাতের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কার্যকলাপের পাঁয়তারা করছিলেন। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর উত্তর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম বলেন, ওই বিদ্যালয়ে দেবীদ্বার উপজেলা, পৌর ও ইউনিয়নগুলোর রুকনদের বৈঠক বসেছিল। পুলিশ গোপন বৈঠকের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।