দেবীদ্বারে ট্রাকে পেট্রলবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বানিয়াপাড়া-ফুলতলা এলাকায় মালবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে মো. ফখরুল ইসলাম (১৬) নামের এক শিবির কর্মী।
কুমিল্লার দেবীদ্বার আদালতের হাকিম নাসরিন জাহানের কাছে গতকাল মঙ্গলবার সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
পিকেটিং করার সময় গতকাল ভোরে ওই শিবির কর্মীকে দেবীদ্বার পৌরসভার চাপানগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ফখরুল দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে দেবীদ্বার পৌর শাখার ছাত্রশিবিরের সাথি। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফেলুয়া গ্রামে। ওই গ্রামের মাওলানা মো. সামসুদ্দিনের ছেলে সে।
দেবীদ্বার থানার পুলিশ জানায়, গতকাল ভোর থেকেই সাদাপোশাকে পুলিশের কয়েকটি দল দেবীদ্বার পৌর সদরের পোস্ট অফিসপাড়া, বানিয়াপাড়া ফুলতলা, বারেরা, ভিড়াল্লা, চাপানগর, সাইলচর, পানুয়ারপুলসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ওই সময় তারা পিকেটারদের গতিবিধি লক্ষ করে। সকাল ছয়টায় চার-পাঁচজন কিশোরের একটি দল কিরিচ, লাঠি, রড ও পেট্রল নিয়ে সড়ক অবরোধ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের চেষ্টা করে।
ওই সময়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান ও উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পিকেটারদের ধাওয়া করে। তখন তাঁরা ফখরুলকে আটক করে।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও কামাল উদ্দিন জানান, ফখরুল ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত সোমবার ভোর চারটায় দেবীদ্বার উপজেলার বানিয়াপাড়া ফুলতলা এলাকায় মালবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়ে ট্রাকচালক আবদুর রহমান ও সহযোগী বাক্প্রতিবন্ধী মজিবুর রহমানকে অগ্নিদগ্ধ করে। বর্তমানে মজিবুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চালক আবদুর রহমান আশঙ্কামুক্ত।