দেবীদ্বারে নিজ বাসায় এসআইয়ের স্ত্রী খুন, দুই জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় গত মঙ্গলবার দুপুরে নিজ বাসায় শাহনেওয়াজ বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেনের স্ত্রী।এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে মঙ্গলবার রাতেই এসআই ময়নাল দেবীদ্বার থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন: ওই বাসার নিচতলার ভাড়াটে ভ্যানচালক মামুন ও তাঁর স্ত্রী পারুল বেগম, জাফরগঞ্জ বাজারের নৈশপ্রহরী বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের সবুজ ও কুমিল্লা সদরের নুরুল ইসলাম ফকির। সবুজ ও নুরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহনেওয়াজ বেগম ও তাঁর ছোট মেয়ে কলেজছাত্রী খাদিজা আক্তার ওই বাসার দোতলায় থাকতেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাদিজা কলেজ থেকে বাসায় ফিরে প্রধান ফটক বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা দিয়ে বাসায় ঢুকে দোতলায় নিজ কক্ষে তাঁর মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় শাহনেওয়াজের মুখের ভেতর ওড়না ঢোকানো ছিল। এ ছাড়া মাথা থেকে রক্ত ঝরছিল। প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এসআই ময়নাল প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রীর মুখে ঢুকিয়ে রাখা ওড়নাটি ছিল নিচতলার ভাড়াটে মামুনের স্ত্রী পারুল আক্তারের। মামুন সহযোগীদের নিয়ে বাসার আলমিরা ভেঙে স্বর্ণালংকার, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গতকাল বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।