দেবীদ্বারে পাচারকালে ১০০ বস্তা ইউরিয়া আটক
কুমিল্লার দেবীদ্বারে গত মঙ্গলবার এক সার ডিলারের গুদাম থেকে ১০০ বস্তা ইউরিয়া পাচার করার সময় তা আটক করেছে জনতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ডিলারের ১০ মেট্রিক টন সারভর্তি দুটি গুদাম সিলগালা করে দিয়েছে। আটক করা সারবোঝাই গাড়ি জব্দ করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান, ধামতী ইউনিয়নের বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার সামসুল হকের গুদাম থেকে ১০০ বস্তা ইউরিয়া পার্শ্ববর্তী বরকামতা ইউনিয়নে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে স্থানীয় লোকজন তা আটক করে।দেবীদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বশির আহাম্মদ সরকার প্রথম আলোকে বলেন, জনতা সার আটক করে তাঁদের খবর দিলে তাঁরা পুলিশ নিয়ে সারবোঝাই গাড়ি থানায় নিয়ে যান। এ ছাড়া তাঁরা ওই ডিলারের দুটি গুদাম সিলগালা করে আসেন। তিনি বলেন, উপজেলা সার পর্যবেক্ষণ কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ডিলার সামসুল হক দাবি করেন, তিনি সার পাচার করছিলেন না। পার্শ্ববর্তী ইউনিয়ন বরকামতায় সারসংকট দেখা দেওয়ায় তিনি সেখানকার সাব-ডিলার শহীদুল ইসলামকে ওই সার ধার দিচ্ছিলেন। তবে শহীদুল ইসলাম বলেছেন, তিনি একজন সাব-ডিলার। তিনি তাঁর এলাকার ডিলার আবুল খায়েরের কাছ থেকে সার নেন। সামসুল হকের সঙ্গে সার নিয়ে তাঁর কোনো কথা হয়নি।