দেবীদ্বারে প্রবাসী তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মো. মহিন উদ্দিন (২৬) নামের ওমানপ্রবাসী এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকায় শিবনগরে এ ঘটনা ঘটে। মহিন একই এলাকার সফিকুল ইসলাম সরকারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মহিন উদ্দিনের মা জোসনা বেগম বাদী হয়ে গতকাল সোমবার দেবীদ্বার থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এলাকাবাসী ও মামলার এজাহার থেকে জানা গেছে, রোববার রাত আটটায় মহিন বাড়ি থেকে বের হয়ে চা খাওয়ার জন্য শিবনগর এলাকার গোমতী নদীর সেতুসংলগ্ন বাঁধের ওপরের দুলাল মিয়ার দোকানে যান। এ সময় একই এলাকার আল আমিন ও লিটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মহিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আল আমিন ও লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদার জানান, রাতেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মহিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. অলি (২৫) নামের এক তরুণকে আটক করা হয়েছে।