দেবীদ্বারে বিএনপির সাবেক সাংসদ ও ছেলেসহ ২৪ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর ছেলে রিজভিউল আহসান মুন্সীসহ দলের ২৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দ্রুত বিচার আইনের একটি মামলায় দ্রুত বিচার আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করেন। আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার আবেদনটি নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দেবীদ্বার পৌর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে ওই এলাকায় কোনো ধরনের বিক্ষোভ মিছিল হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মার্চ রাতে দেবীদ্বার পৌর এলাকায় একটি বিপণিবিতান ভাঙচুর ও মোটরসাইকেল পোড়ানো হয়। ওই ঘটনায় দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন বাদী হয়ে দেবীদ্বার থানায় সাবেক ওই সাংসদসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ ওই মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
গতকাল সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান ও তাঁর ছেলেসহ দলটির সহযোগী সংগঠনের ২৪ জন নেতা-কর্মী কুমিল্লার দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।