দেবীদ্বারে বিদ্যালয়ের ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৪ নম্বর বনকোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলো চতুর্থ শ্রেণীর তানিয়া আক্তার (১০), হাবিবা আক্তার (১০) ও মরিয়ম আক্তার (১০)।আহত শিক্ষার্থীদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটায় ওই ঘটনা ঘটে।বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তার বলেন, ‘দুর্ঘটনার সময় আমি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ছাদের বিমের পলেস্তরা ধসে বৃষ্টির মতো পড়তে থাকে। ক্লাসে তখন ১৮ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে তিনজন আহত হয়।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার বলেন, স্কুল ভবনটি অনেক পুরোনো। এটিকে পরিত্যক্ত ঘোষণার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। ১৯৭৭ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। আর ওই ভবন ১৯৯৩ সালে পুনঃসংস্কার করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ‘স্কুলভবনটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী ছিল, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস নিয়ে আসছি।’হাসপাতালের চিকিৎসক আশরাফুল আমীন বলেন, আহত তিন শিশুর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ২৪ ঘণ্টার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।