কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামের স্কুলছাত্র বাছির সরকারকে (১৩) হত্যা করার কথা স্বীকার করেছেন তিন আসামি। এ ব্যাপারে গতকাল শনিবার তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই তিনজনকে গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিহতের আপন ভাই শরিফুজ্জামান সরকার, অজিত চন্দ্র সূত্রধর ও সোহেল মিয়া।গত মঙ্গলবার রাতে বাছিরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বাছির সাবেক পুলিশ সদস্য হাবিবুর রহমানের ছেলে। সে বড় শালঘর ইউএম আহমেদ উচ্চদ্যািলয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। দেবীদ্বার থানার ওসি জাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে। শরিফুজ্জামান, অজিত ও সোহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের গতকাল কুমিল্লার আদালতে হাজির করা হয়। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন বিচারক মোহাম্মদ ফারুক। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সোহেল জানান, সাত লাখ টাকার লোভে শরিফুজ্জামানের নির্দেশে তাঁরা বাছিরকে শ্বাসরোধ করে হত্যা করেন।