দেবীদ্বারে মাদ্রাসায় হামলা ভাঙচুর, প্রতিবাদে মিছিল
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এক ব্যক্তি সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নামে ক্রয়কৃত নয় শতক জমি ওই এলাকার প্রয়াত আবদুর রব মুন্সি ও আলী আজ্জম মুন্সির ওয়ারিশরা ২২ বছর ধরে জবরদখল করে রেখেছিলেন। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসী সম্প্রতি ওই জমিটি মাদ্রাসার দখলে আনে। উদ্ধার করা ওই জায়গায় মাদ্রাসার চারতলা একটি ভবন নির্মাণকাজ শুরু করা হয়। ইতিমধ্যে প্রথম তলার কাজ শেষ হয়েছে। ওই জায়গা যাঁরা দখলে রেখেছিলেন তাঁদের চলাচলের জন্য মাদ্রাসার উত্তর পাশে রাস্তা দেওয়া হয়। এর পরও তাঁরা নির্মাণাধীন ভবনের দক্ষিণ পাশ দিয়ে একটি রাস্তা দাবি করেন। মাদ্রাসার মূল ভবন ও ছাত্রাবাসের ভেতর দিয়ে তাঁদের রাস্তা দেওয়ার দাবিটি অযৌক্তিক মনে করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আবদুর রব মুন্সীর ছেলে কাউছার মিয়া সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে শনিবার বিকেল আনুমানিক চারটায় মাদ্রাসা ভবনে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালান। তাঁরা মাদ্রাসার জানালা, দরজা ও বাথরুম ভেঙে ফেলেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। মিছিল ও প্রতিবাদ সভায় মাদ্রাসায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুবুর রহমান, আবদুল বাতেন, প্রভাষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক আবুল কাসেম, মাহবুবুর রহমান প্রমুখ। এ ব্যাপারে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুন্সি ফরিদ উদ্দিন আখতার বলেন, কাউছার সন্ত্রাসী বাহিনী এনে মাদ্রাসায় হামলা করেছে। এ ঘটনার বিচার চেয়ে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল আউয়াল বাদী হয়ে কাউছার মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দেবীদ্বার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কাউছার মিয়া বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আমার অনুসারীরা মাদ্রাসার বাথরুম ভেঙে ফেলেছে। আমি এতিম মানুষ, মাদ্রাসা কর্তৃপক্ষ রাস্তা না দিয়ে আমাকে হয়রানি করছে।’