দেবীদ্বারে শিবির-ছাত্রদলের হামলা ছাত্রলীগের ১০ কর্মী আহত
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গতকাল মঙ্গলবার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীদের হামলায় ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ তিনজন ছাত্রকে আটক করেছে। পুলিশ বলেছে, আটক হওয়া কর্মীরা ছাত্রদলের ক্যাডার।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় একটি শ্রেণীকক্ষে জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে ছাত্রশিবিরের একটি সভা চলছিল। এ সময় ছাত্রলীগের কলেজ শাখার নেতারা বহিরাগত লোকজনকে নিয়ে সভা করার অভিযোগ এনে শিবির কর্মীদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।আহত কর্মীদের মধ্যে ছাত্রলীগের কলেজ শাখার প্রচার সম্পাদক ও বিকম প্রথম বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম, কলেজ শাখার সদস্য ও বিএ প্রথম বর্ষের ছাত্র সাকিব আহমেদ এবং উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এনামুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পুলিশ মো. সুমন, মো. সোহাগ, ও মো. সজিব নামের তিন যুবককে আটক করেছে। পুলিশের দাবি, তাঁরা ছাত্রদলের ক্যাডার।ছাত্রশিবিরের দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে কুমিল্লা জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক কাউছার হামিদ বলেন, ছাত্রলীগের কর্মীরা তাঁদের সভায় বাধা দিলে তাঁরা কলেজ ছেড়ে চলে যান। পরে সেখানে মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন।ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মুকবল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ ও জ্যেষ্ঠ সহসভাপতি আবু কাউছার অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা কলেজে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। প্রতিবাদ করায় শিবির ও ছাত্রদলের কর্মীরা একজোট হয়ে তাঁদের কর্মীদের ওপর হামলা করেন।দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ হান্নান জানান, ছাত্রলীগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।