দেবীদ্বারে সংঘর্ষে আহত স্কুলছাত্রের মৃত্যু, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামে গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত স্কুলছাত্র রাজন চন্দ্র শীল (১৩) গত শনিবার মারা গেছে।স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে নারায়ণপুর গ্রামের নিখিল চন্দ্র শীলের সঙ্গে তাঁর ভাইদের বিরোধ ছিল। এ নিয়ে গত শুক্রবার সকালে ভাই বিনীল চন্দ্র শীলের সঙ্গে ঝগড়া বাধে নিখিল ও তাঁর স্ত্রী দীপালি শীলের। বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাথায় লাঠির আঘাত পায় রাজন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় গত শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজন মারা যায়। সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। ময়নাতদন্ত শেষে লাশ গতকাল রোববার বাড়িতে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গত শনিবার রাতে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা করেছেন রাজনের বাবা নিখিল চন্দ্র শীল। আসামিরা হলেন: বিনীল চন্দ্র শীল, ইন্দ্রজিৎ চন্দ্র শীল, সুশীল চন্দ্র শীল, রণজিৎ চন্দ্র শীল ও সুভাষ চন্দ্র শীল। দেবীদ্বার থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।