দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল হক ভূঞা ওরফে সাকিল (২৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দেবীদ্বার পোস্ট অফিস-সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতির মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুজন দলীয় কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট থেকে একটি মোটরসাইকেলে থানার দিকে যাচ্ছিলেন সাইফুল ও তাঁর সহযোগী শাওন। মোটরসাইকেলটি দেবীদ্বার পোস্ট অফিস এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে সাইফুল রাস্তায় ওপর পড়ে মাথায় আঘাত পান। সে সময়ই ওই পথ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কুটি থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস যাওয়ার পথে তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মূন্সী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর বাসায় যান।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর একটি বাসের চাপায় সাইফুল মারা যান।