দেবীদ্বারে সন্দেহভাজন ডাকাতকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার ভোরে মো. মোসলেম (৩৫) নামের সন্দেহভাজন একজন ডাকাতের মৃত্যু হয়েছে। রোববার রাতে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গুলিবিদ্ধ ও গণপিটুনি খেয়ে আহত হয়েছিলেন।পুলিশ ও ভুক্তভোগীরা জানান, রোববার রাত ১২টার দিকে ১৫-১৬ জন মুখোশপরা ডাকাত উপজেলার নবিয়াবাদ গ্রামের ভূঞাবাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে দেবীদ্বার-চান্দিনা সড়ক অবরোধ করে। দেবীদ্বার থানার টহল পুলিশ গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা পুলিশ সদস্যদের অস্ত্রের মুখে আটকে রাখে। পরে ডাকাতেরা দুটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, একটি বেবিট্যাক্সি ও একটি রিকশা আটক করে চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।রাত সাড়ে ১২টার দিকে দেবীদ্বার থানার পুলিশি সহায়তা কমিটির মহাসচিব পি এ এম শহিদুল্লাহ পলাশ (৪৫) ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার সময় একই স্থানে ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি সঙ্গে থাকা লাইসেন্স করা শটগান দিয়ে পরপর কয়েকটি পাল্টা গুলি ছোড়েন। এ সময় এলাকাবাসীর সহায়তা চেয়ে চিৎকার দিতে থাকেন। এতে এলাকাবাসী ঘটনাস্থলের দিকে ছুটে আসতে থাকলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে মোসলেমকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। জনতা মোসলেমকে বেদম পিটুনি দেয়। দেবীদ্বার ও চান্দিনা থানার পুলিশ ডাকাতের কবলে পড়া লোকজনকে উদ্ধার করে এবং মোসলেমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।