দেবীদ্বারে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় গতকাল রোববার বিকেলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকসহ চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, নির্মাণ শ্রমিক হবিগঞ্জের বানিয়াচং গ্রামের মিজানুর রহমান (৩০), একই এলাকার অপর নির্মাণ শ্রমিক হোসেন আলী (৩৫), দেবীদ্বার সদরের রংমিস্ত্রি সফিকুল ইসলাম (৩৫) ও দেবীদ্বার সদরের বানিয়াপাড়া এলাকার করাত কলের শ্রমিক মকবুল হোসেন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন মিজানুর রহমান। অনেকক্ষণ পরও তিনি উঠে না আসলে শ্রমিক হোসেন আলী ট্যাংকে নামেন। হোসেনও ফিরে না আসায় অপর শ্রমিকেরা চিৎকার শুরু করেন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় দুই শ্রমিককে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন দেবীদ্বার সদরের রংমিস্ত্রি সফিকুল ইসলাম। সফিকুলও না ফিরলে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের করাত কলের শ্রমিক মকবুল হোসেন ট্যাংকের ভেতরে নামেন। মকবুলও উঠে না এলে তাঁর (মকবুল) চাচাতো ভাই আমির হোসেন (২০) ট্যাংকে নামেন। আমির নেমে হোসেন আলী ও মিজানুর রহমানকে উদ্ধার করেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে তাঁরা মকবুল হোসেন ও সফিকুলের মরদেহ উদ্ধার করেন।প্রত্যক্ষদর্শী বানিয়াপাড়া গ্রামের আমির হোসেন বলেন, ‘অন্য লোকদের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করি।’ স্থানীয় ব্যক্তিরা জানান, ফেয়ার ডেভেলপার নামের একটি প্রতিষ্ঠান একটি পাঁচতলা ভবনের নির্মাণকাজ করছে। ওই ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের মালামাল খুলতে গিয়ে দুই শ্রমিক মারা যান। তাঁদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় দুই শ্রমিক প্রাণ হারান। মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, তিনি মাস্ক ছাড়া সেপটিক ট্যাংকে নেমে রংমিস্ত্রি সফিকুল ইসলামকে উদ্ধার করতে গিয়ে অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার অভিযান বন্ধ রেখে কুমিল্লা থেকে মাস্ক ও অক্সিজেন এনে সন্ধ্যা সাতটায় স মিল শ্রমিক মকবুল হোসেনকে উদ্ধার করেন।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, নির্মাণপ্রতিষ্ঠান ফেয়ার ডেভেলপারের অনুমোদন আছে কি না এবং ভবন নির্মাণে কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রুটি থাকলে ভবনের মালিক ও নির্মাণপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নির্মাণপ্রতিষ্ঠান ফেয়ার ডেভেলপারের কর্মকর্তা ও মালিকপক্ষের সেলিম, মাহফুজ, রিপন, বাবুল হোসেন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। দুই নির্মাণশ্রমিকসহ চারজনের মৃত্যুতে স্থানীয় সাংসদ এ বি এম গোলাম মোস্তফা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।