দেবীদ্বারে স্কুলছাত্রী হত্যায় দুজনের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর রশিদ (২৭) ও বশির আহাম্মদ (২৭)।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নিশাত সালাউদ্দিন প্রথম আলোকে জানান, ফারজানার (১১) বাড়ি নারায়ণপুর গ্রামে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। ২০১০ সালের ১৬ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে তার মামাতো ভাই রশিদ ও একই গ্রামের বশির ফারজানাকে জোর করে তুলে নেন। পরে ফারজানাদের বাড়ির পাশের বাঁশঝাড়ে নিচে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় দেবীদ্বার থানায় মামলা দায়েরের পরদিন রশিদ ও বশিরকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই তাঁরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এ সময়ের মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় রশিদ ও বশির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শোনার পর তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
আসামিপক্ষের আইনজীবী রুখসানা আক্তার জাহান বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। এদিকে চাঞ্চল্যকর ওই হত্যা মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। রায়কে অভিনন্দন জানিয়েছে দেবীদ্বারের নাগরিক সমাজ।