দেবীদ্বারের অপহূত স্কুলছাত্রী চার দিন পর উদ্ধার
কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের চার দিন পর উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করে দেবীদ্বার থানার পুলিশ।উদ্ধার পাওয়া মেয়েটি গতকাল শুক্রবার বাবুলসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীদ্বার থানায় মামলা করেছে। মেয়েটি জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেবীদ্বারের হোসেনপুর গ্রামের বাবুল মিয়া (৩৫) তাঁর দুই সহযোগীকে নিয়ে মেয়েটিকে অপহরণ করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সময় বাড়ির পাশের একটি রাস্তা থেকে তাঁকে জোর করে সিএনজিতে তুলে নেন বাবুল ও তাঁর সহযোগীরা। তারপর কুমিল্লা ও ঢাকার বিভিন্ন বাসায় তাঁকে আটকে রাখা হয়। পরিবার ও পুলিশের তৎপরতায় অপহরণকারীরা মেয়েটিকে ঢাকা থেকে একটি বাসে তুলে দেয়। পরে তার পরিবারকে মুঠোফোনে জানিয়ে দেয় গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে নিয়ে যেতে।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।