দেবীদ্বারের এসএ কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাঙচুর
কুমিল্লার দেবীদ্বার এসএ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক কিছুসংখ্যক শিক্ষার্থী ভাঙচুর চালিয়েছে। ছাত্রলীগের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা জানান, গত বৃহস্পতিবার ছিল জরিমানা ছাড়া উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তির শেষ দিন। ভর্তি থেকে বাদ পড়তে পারে—এমন আশঙ্কায় ভর্তি কার্যক্রম চলার সময় দুপুরে কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢুকে কলেজের প্রশাসনিক ভবন, অফিস কক্ষ, পাঠাগার, শ্রেণীকক্ষে হামলা চালায় এবং দরজা-জানালা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কলেজ ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন জানান, ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিল না। অপেক্ষমাণ তালিকার ভর্তি হতে ইচ্ছুক কিছু শিক্ষার্থী ভর্তি হতে বাদ পড়ার আশঙ্কায় এ ভাঙচুর চালিয়েছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতুষ নাথ বলেন, নিয়মমাফিক ভর্তি কার্যক্রম চললেও কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। তবে পুলিশ, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।