দেবীদ্বারের দুই ইউপি নির্বাচন স্থগিত, প্রার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এক ফ্যাক্সবার্তার মাধ্যমে উপজেলা সমবায় কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে ওই স্থগিতাদেশের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ খবর পেয়ে ওই দুটি ইউনিয়নের নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আগামী ১ জুন এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র জানায়, নামকরণ নিয়ে মামলা থাকায় গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করার কারণ প্রসঙ্গে স্থানীয় প্রশাসন কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের পদপ্রার্থী মুজিবুল হক মান্নান বলেন, ‘গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নাম পদ্মকোট ইউনিয়ন করার জন্য ২০০৪ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়। তখন এলাকার বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বনকোট ইউনিয়ন নামকরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরেকটি আবেদন পাঠালে বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। এ ব্যাপারে আমি ২০০৪ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করি।’ তিনি আরও বলেন, নির্বাচন স্থগিত করলে তফসিল ঘোষণার আগেই করা উচিত ছিল। এ মুহূর্তে নির্বাচন স্থগিত করার কারণে প্রার্থীরা আর্থিক ক্ষতিসহ হয়রানির শিকার হয়েছেন। একই ইউনিয়নের অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফফর আহমেদ বলেন, ‘আমি এ স্থগিতাদেশের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেব।’ গুনাইঘর উত্তর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোরশেদ আলম বলেন, ‘আমার বিজয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষ নানা কৌশলে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। গুনাইঘর দক্ষিণ ইউপির সঙ্গে গুনাইঘর উত্তর ইউপির নাম জড়িয়ে অযথা প্রার্থীদের হয়রানি করছে। বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হব।’রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ ভূঞা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নামকরণ কিংবা সীমানা-জটিলতা নিয়ে কোনো মামলা না থাকা সত্ত্বেও কী কারণে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হলো, মামলার কাগজপত্র না দেখে সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান তফসিল অনুযায়ী ওই দুই ইউপির নির্বাচন হবে না।