দেবে গেছে নড়বড়ে পাটাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী বাজার এলাকায় নির্মিত বেইলি সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী বাজার এলাকায় নির্মিত বেইলি সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে l ছবি: প্রথম আলো

সেতুটির বেশির ভাগ স্টিলের পাটাতন নড়বড়ে। কয়েকটি পাটাতন ভেঙে গিয়ে নিচের দিকে দেবে গেছে। দেবে যাওয়া অংশের পাটাতনগুলোতে জং ধরেছে। ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলাচল করছে।

এই দুরবস্থা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপর নির্মিত বেইলি সেতুর। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সেতুটির এই অবস্থা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ত্রিশাল উপজেলা থেকে ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের ওপর সেতুটির অবস্থান। কৃষিপণ্য আনা-নেওয়া ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষ সেতুটি দিয়ে চলাচল করে। কিন্তু সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলজিইডির পক্ষ থেকে সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকার পরও ব্যবসাসহ নানা প্রয়োজনে মালবাহী ট্রাক এর ওপর দিয়ে চলাচল করছে। তাই সরকারিভাবে এখানে একটি নতুন পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় লোকজনের অভিযোগ, দিনের আলোয় কোনো রকমে পার হওয়া গেলেও রাতের অন্ধকারে সেতু পার হতে ভীষণ ভয় লাগে। অন্ধকারে সেতুর পাটাতনের ভাঙা অংশে পা পড়ে গত এক বছরে অনেকেই আহত হয়েছেন।

ত্রিশাল উপজেলা প্রকৌশলী শাহেদ হোসেন বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞদের অনুরোধ করেছি। পাশাপাশি একটি প্রাক্কলন তৈরি করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহের ত্রিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপর ১৯৮২ সালে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর কয়েকবার এটি মেরামত করা হয়েছে।

পোড়াবাড়ী বাজার এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক বছর ধরে সেতু দিয়ে অতিরিক্ত ওজনের মালবোঝাই ট্রাক চলাচল করছে। এ কারণে সেতুর কয়েকটি পাটাতন ভেঙে গেছে। সেতুটি দিয়ে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

এ সময় কথা হয় শহীদুল ইসলাম নামের স্থানীয় এক পল্লিচিকিৎসকের সঙ্গে। তিনি বলেন, আট বছর আগে সেতুটি সংস্কার করা হয়। এরপর কিছুদিন ভালো থাকলেও বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পোড়াবাড়ী, মঠবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ এর ওপর দিয়ে চলাচল করার সময় আতঙ্কে থাকে।