দেবে গেছে বিদ্যালয় ভবন কমিউনিটি সেন্টারে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি প্রায় ১৩ বছর ধরে পরিত্যক্ত। পড়াশোনা চলছে পাশের একটি কমিউনিটি সেন্টারের তিনটি কক্ষে। পাউবো শিক্ষকদের আশ্বাস দিচ্ছে, কিন্তু নতুন ভবন নির্মাণ করে দিচ্ছে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শানেজাহাঁ রত্না প্রথম আলোকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডকে অনেকবার বলেছি। তারা বলে স্কুলের ভবন হবে। যেভাবে চালাচ্ছি, সেভাবেই চালাতে বলে। নতুন ভবনের জন্য অনেক জায়গায় ছোটাছুটি করেছি। এখন হাল ছেড়ে দিয়েছি।’
বিদ্যালয়-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে যাত্রাবাড়ীর পাউবো কলোনির ভেতরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়টি পরিচালনাও করে পাউবো। কলোনির ভেতরে একসময় বিদ্যালয়ের আধা পাকা নিজস্ব ভবন ছিল। প্রায় ১৩ বছর আগে বৃষ্টির পানিতে বিদ্যালয়টি ডুবে যাওয়ায় কলোনির ভেতরের কমিউনিটি সেন্টারের ভবনে বিদ্যালয়টি সাময়িক স্থানান্তর করা হয়। তখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন করে দেওয়া হবে।
গত শনিবার গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনটি আগের আধা পাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের অনেকাংশ মাটিতে দেবে গেছে। চারপাশে ঘন ঝোপঝাড়ের জঙ্গল। ভবনের ভেতরে পুরোনো আসবাবপত্রের ভাঙা অংশ পড়ে আছে। ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়’ লেখা রং উঠে অস্পষ্ট হয়ে যাওয়া একটি সাইনবোর্ড এখনো ঝুলছে।
বর্তমানে যে ভবনে বিদ্যালয়ের কার্যক্রম চলছে, সেটির অবস্থাও জরাজীর্ণ। ভবনের চারপাশে মাটি ফেলে উঁচু করায় ভবনটি নিচের দিকে কিছুটা দেবে গেছে। নিচতলার সবগুলো কক্ষই পরিত্যক্ত। প্রবেশপথ নিচু হয়ে যাওয়ায় মাথা নামিয়ে ঢুকতে হচ্ছে। দ্বিতীয় তলার তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৮০ জন শিক্ষার্থী আছে। সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত দুই পালায় চলছে পাঠদান। বিদ্যালয়টিতে পাউবোর কর্মচারীদের ছেলেমেয়েদের চাইতে কলোনির আশপাশের নিম্ন আয়ের বাসিন্দাদের ছেলেমেয়েরা বেশি পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ জায়গা আছে। পাউবোর সঙ্গে যোগাযোগ করলে বলে, টাকার সমস্যার কারণে ভবন করা হচ্ছে না। গত ১৩ বছর ধরেই শুনছি নতুন ভবন হবে।’
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রমেন্দ্র শংকর প্রথম আলোকে বলেন, নতুন করে মাটি ফেলায় কলোনির ভবনগুলো দেবে গেছে। কমিউনিটি সেন্টারটির নিচতলাও পরিত্যক্ত। দোতলাটা সাময়িকভাবে ব্যবহার করা হচ্ছে। স্কুল ভবনের জন্য বোর্ডের কাছে ফান্ড চাওয়া হয়েছে। ফান্ড পাওয়া না গেলে কমিউনিটি সেন্টারটি বিদ্যালয়ের জন্য সংস্কার করে দেওয়ার পরিকল্পনা আছে। তবে কবে সেই তহবিলে টাকা মিলবে, তা তিনি আর বলতে পারেননি।