দেবে যাওয়ায় ঝুঁকি চৌদ্দগ্রাম অংশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন সংস্কার না করায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। হয়ে আছে উঁচু–নিচু। একটু অসতর্ক হলেই ঘটবে দুর্ঘটনা। তাই যানবাহন চলছে ধীরগতিতে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকা থেকে গতকাল সকাল সাড়ে নয়টায় তোলা ছবি l প্রথম আলো
দীর্ঘদিন সংস্কার না করায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। হয়ে আছে উঁচু–নিচু। একটু অসতর্ক হলেই ঘটবে দুর্ঘটনা। তাই যানবাহন চলছে ধীরগতিতে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকা থেকে গতকাল সকাল সাড়ে নয়টায় তোলা ছবি l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রায় ৪০ কিলোমিটার এলাকা দেবে উঁচু-নিচু হয়ে গেছে। কোথাও কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মহাসড়কের ওই অংশে ঝুঁকি নিয়েই চলাচল করছে হাজার হাজার যানবাহন। ঈদের আগে ওই সড়কের এই অংশ মেরামত করা না হলে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির শিকার হবে বলে জানিয়েছেন যানবাহনের চালকেরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৯৮ দশমিক ৮০ কিলোমিটার এলাকা রয়েছে। পাঁচ বছর আগে মহাসড়কের এই অংশ চার লেন প্রকল্পে উন্নীত করা হয়। বর্তমানে ওই প্রকল্পের কাজ চলছে। নতুন করে সড়ক নির্মাণ করায় মহাসড়কের পুরাতন অংশের তেমন কোনো সংস্কার হচ্ছে না। ওই কারণে চৌদ্দগ্রামের প্রায় ৪০ কিলোমিটার অংশে মহাসড়ক দেবে গেছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করছে।
ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী অন্তত পাঁচজন যানচালক জানান, নির্ধারিত সময়ে চার লেনের কাজ শেষ না হওয়ায় মহাসড়কের পুরাতন অংশের দিকে নজর দেয়নি কর্তৃপক্ষ। ফলে সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। বেড়েছে ভোগান্তি। ঈদে এই ভোগান্তি আরও বেড়ে যাবে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সুয়াগাজী বাজারে সড়ক ফেটে গেছে। ওই এলাকার রাহাত ফিলিং স্টেশনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। লালবাগ সেতুর সামনে মাটি ভরাট হয়নি। হোটেল তাজমহলের সামনে সড়ক দেবে গেছে। সেখানে গতকাল ভোরে মুরাদ পরিবহনের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে আছে। টাইম স্কয়ারের সামনে সড়ক দেবে গেছে। একই অবস্থা ধর্মপুর এলাকায়। আমানগন্ডা অংশও দেবে গেছে। ওই অংশে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
এ ছাড়া মহাসড়কের নোয়াপাড়া, রাজেন্দ্রপুর, হাঁড়ি সর্দার, চৌদ্দগ্রাম মোল্লা মার্কেটের সামনে, ডলি রিসোর্টের সামনে, পদুয়া, নানকরা ও দত্তসার এলাকায় সড়ক দেবে গেছে।
বিকল হওয়া কাভার্ড ভ্যানের চালক মো. শাহাবুদ্দিন বলেন, সড়কের অবস্থা খারাপ। তাই তাঁর গাড়ি বিকল হয়ে গেছে। কুমিল্লা থেকে চৌদ্দগ্রামগামী একটি মাইক্রোবাসের চালক শুভ ইসলাম বলেন, মহাসড়ক উঁচু-নিচু হওয়ায় ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে সওজ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের দেবীদ্বারের ভিংলাবাড়ী, কোম্পানীগঞ্জ, বড় শালঘর ও মিরপুর এলাকায় সংস্কারকাজ করবে। ঈদের আগে বৃষ্টি না হলে আর কোনো সমস্যা হবে না।
চার লেন প্রকল্পের একটি অংশের প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারওয়ার বলেন, ‘চার লেন কর্তৃপক্ষ তিনটি অংশে কুমিল্লায় কাজ করছে। দাউদকান্দি থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর পর্যন্ত ৪৫ কিলোমিটার প্রকল্প-১-এর অধীনে। আলেখারচর থেকে চৌদ্দগ্রামের নানকরা পর্যন্ত ৪১ কিলোমিটার প্রকল্প-২-এর অধীনে। নানকরা থেকে মোহাম্মদ আলী এলাকা পর্যন্ত ১৪ কিলোমিটার প্রকল্প-৩-এর অধীনে। আমি প্রকল্প-২-এর ব্যবস্থাপক। আমার আওতাভুক্ত মহাসড়কের দেবে যাওয়া উঁচু-নিচু এলাকার কিছু অংশ সমান করে দেওয়া হয়েছে। আমানগন্ডা এলাকার বড় অংশে সড়ক দেবে গেছে। তাই ঈদ উপলক্ষে আমানগন্ডা বাইপাস দিয়ে যানবাহন চলাচল করবে। ঈদের আগেই ওই এলাকার দেবে যাওয়া অংশ মেরামত করা হবে।’
প্রকল্প-৩-এর উপপ্রকল্প ব্যবস্থাপক জয় প্রকাশ চৌধুরী বলেন, ‘বৃষ্টি না হলে ঈদের আগে কোনো সমস্যা হবে না। আমরা শিগগিরই দেবে যাওয়া অংশের সংস্কার করব।’
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, মহাসড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ত্রুটি থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়ক মসৃণ হলে দুর্ঘটনা কমে আসবে। যাত্রীরাও নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরতে পারবে।