দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় সেবায়েতের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পঙ্কজ কুমার গুপ্ত। তিনি রাগীব আলী ও তাঁর পরিবারের চার সদস্যের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মামলায় সিলেটের তারাপুর চা বাগান দখল করে দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকা অাত্মসাতের অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান পঙ্কজ কুমার গুপ্ত। শুনানি শেষে বিচারক মো. সাইফুজ্জামান হিরো তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) নফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট এ মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ করা হয়। ওই দিন মামলার প্রধান আসামি রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর ওই দিন সন্ধ্যায় রাগীব আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের জকিগঞ্জ দিয়ে ভারতে পালিয়ে যান।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন রাগীব আলী (৭৫), তাঁর একমাত্র ছেলে আবদুল হাই (৪৫), মেয়ের জামাই আবদুল কাদির (৫৫), মেয়ে রুজিনা কাদির (৪৮), রাগীবের আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ (৫৫) ও দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত।

আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের জায়গায় বিধি বহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করায় ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে সত্যতা পায়। পরবর্তীতে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এসএম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটো মামলা করেন। পরবর্তীতে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয় এবং পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।

১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে ওই দুটো মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনার বিষয়ে গত ১৬ মার্চ সরকারি কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তদন্তের নির্দেশ দেন। গত ১০ জুলাই দুটো মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রায় বাস্তবায়ন করতে উচ্চ আদালত থেকে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ায় গত ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা স্থাপনা সরাতে গণবিজ্ঞপ্তি জারি করে।