আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, স্বাধীন দেশে দেবোত্তর সম্পত্তি কাউকে দখল করতে দেওয়া হবে না। যেভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে, ঠিক সেভাবে আন্দোলন-সংগ্রাম করে লক্ষ্মীপুরের দালালবাজারের জমিদারবাড়ির দেবোত্তর সম্পত্তি রক্ষা করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক।
প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করছেন, তাঁদের সতর্ক করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সম্পত্তি রক্ষা করা হবে।
সভায় আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাসগুপ্ত, সাবেক জেলা জজ এস এম রেজাউল করিম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক সাহা, এনজিও কর্মকর্তা সামছুল হুদা প্রমুখ।
সমাবেশ শেষে সুলতানা কামালের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা দালালবাজারের জমিদারবাড়ি পরিদর্শন করেন। পরে বিকেলে জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ও পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।