দেবোত্তর সম্পত্তি আইন ২০১২-এর খসড়া বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তি আইন, ২০১২-এর খসড়া বাতিলের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সনাতনী মঠ, মন্দির, আশ্রমের সেবায়েত ও পুরোহিত কল্যাণ সংস্থা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার আহ্বায়ক জহর লাল চক্রবর্তী। লিখিত বক্তব্যে জহর লাল চক্রবর্তী বলেন, ‘দেবোত্তর সম্পত্তি, ২০১২ নামে একটি নতুন আইনের খসড়া প্রস্তাব করা হয়েছে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আইনটি বাস্তবায়নের লক্ষ্যে একটি মহল চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত আইনের ধারা-উপধারা ও অনুচ্ছেদ এমনভাবে বিন্যস্ত; যাতে আইনটি অনুমোদিত হলে সহজেই দেশের মঠ, মন্দির, আশ্রম, আখড়া ও শ্মশানের জমি গ্রাস ও বিক্রি করা যাবে।’সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি আইন অনুসারে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রশাসক নিয়োগ করবে। ওই প্রশাসকের অধীনে পুরোহিত নিয়োগ করা হবে। কিন্তু আবহমানকাল থেকে মঠ, মন্দির, আশ্রম ও আখড়াগুলো সেবায়েত, পুরোহিত ও মোহন্ত মহারাজ দ্বারা পরিচালিত হচ্ছে।