দেবোত্তর সম্পত্তি আইন ২০১৩ বাতিলের দাবি
দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন, ২০১৩ বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়। পরে সংগঠনটির একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট শাখা এ কর্মসূচির সমন্বয় করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নগরের যুগলটিলা এলাকার ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে নগরের বিভিন্ন মঠ-মন্দিরের সেবায়েত, পরিচালকসহ ভক্তরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, মহানগর শাখার সভাপতি মৃত্যুঞ্জয় ধর, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি বিমান চন্দ্র দাস প্রমুখ। আগামী এক মাসের মধ্যে আইনটি বাতিল করা না হলে সারা দেশে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে ২০ সদস্যের প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সঞ্চারকলিপি দেয়।