দেবোত্তর সম্পত্তি থেকে মাটি কাটার অভিযোগ
আদালতের নির্দেশ অমান্য করে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজা থেকে দেবোত্তর সম্পত্তির মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। মন্দিরের পক্ষ থেকে পুলিশের সহায়তা চেয়েও কোনো প্রতিকার মিলছে না। মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের মদনমোহন পৈত চৌধুরী পৈতৃক সূত্রে বড় অমরপুর, আবু সাঈদ ও দরি বেলিশ্বর মৌজায় এক হাজার ১০৫ শতাংশ জমির মালিক ছিলেন। ১৯৪৮ সালে তিনি ওই সম্পত্তি অর্পণনামা দলিলের মাধ্যমে শ্রী শ্রী ব্রজ বল্লভ শ্যামসুন্দর বিগ্রহের নামে দান করে দেন। মন্দির কমিটির অভিযোগ, মদনমোহনের দৌহিত্র গৌতম কুমার পৈত চৌধুরী, তরুণ কুমার পৈত চৌধুরী ও বাবুল কুমার পৈত চৌধুরী জালিয়াতির মাধ্যমে ২০০৮ সালে ওই সম্পত্তি ধামরাইয়ের কুল্লা এলাকার বাসিন্দা লে. হেলাল উদ্দিনের কাছে বিক্রি করে দেন। গত বছরের অক্টোবরে ওই সেনা কর্মকর্তা অবসরে যান।মন্দিরের সেবায়েত রতন কুমার পৈত চৌধুরী বলেন, দেবোত্তর সম্পত্তি হস্তান্তরের বিষয়টি জানাজানি হওয়ার পর ২০০৯ সালে তিনি ওই দলিল বাতিল করার জন্য ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজের আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তিনি জানান, মামলা চলাকালে ২০১০ সালের ২০ এপ্রিল এক আদেশে আদালত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু হেলাল উদ্দিন ওই আদেশ উপেক্ষা করে মাসখানেক ধরে নালিশি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন। তিনি অভিযোগ করেন, গত ৩ ও ১৫ মার্চ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও আদালতের আদেশের কপি পুলিশকে সরবরাহ করা হয়। কিন্তু এর পরও পুলিশ মাটি কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি।এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘জমির প্রকৃত মালিকদের কাছ থেকেই আমি জমি ক্রয় করেছি।’ আদালতের আদেশের বিষয়ে বলেন, আদালত জমি বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, কোনো স্থাপনা নির্মাণ বা মাটি কাটতে বাধা নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের এক নেতার হস্তক্ষেপের কারণেই পুলিশ তৎপরতা চালাতে পারছে না। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহামেদ শিকদার বলেন, সম্প্রতি তিনি এখানে যোগ দিয়েছেন। বিষয়টি এখনো জানেন না। উভয় পক্ষকে ডেকে আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।