দেবোত্তর সম্পত্তি (হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানের নামে সম্পত্তি) ব্যবস্থাপনা, উন্নয়ন ও হস্তান্তর কাজের জন্য বোর্ড হচ্ছে। এ ছাড়াও এই সম্পত্তি দেখভালের জন্য ওয়াকফ্ প্রশাসকের কার্যালয়ের মতো আলাদা একটি কার্যালয় হবে। এই দুটিসহ দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা বিষয়ে পৃথক বিধান রেখে একটি আইন হচ্ছে।গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনাবিষয়ক কেন্দ্রীয় বোর্ডের চেয়ারম্যান হবেন হিন্দুকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। এতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি থাকবেন। এ ছাড়া ওয়াকফ্ প্রশাসকের মতো দেবোত্তর সম্পত্তি দেখভালের জন্য একজন প্রশাসক থাকবেন। যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা হবেন প্রশাসক। তিনি আসবেন হিন্দুধর্মাবলম্বী কর্মকর্তাদের মধ্য থেকে। জেলা পর্যায়েও জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে বোর্ড থাকবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনায় কোনো আইন নেই। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। এর মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ হবে। সবার সঙ্গে পরামর্শ করেই আইনের খসড়া করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় বেআইনিভাবেও দেবোত্তর সম্পত্তি ব্যক্তিস্বার্থে হস্তান্তর হয়। আইনের মাধ্যমে এগুলো বন্ধ হবে। আইনের আওতায় বিধিমালা ও প্রয়োজনীয় নির্দেশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার আন্তর্জাতিক সীমানার নাফ নদী অংশে সীমানা ঠিক রাখতে ‘সম্পূরক প্রটোকল’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তদানীন্তন পাকিস্তান ও বার্মার মধ্যে ১৯৬৬ সালে একটি চুক্তি সই হয়েছিল। এর মাধ্যমে সীমানা-স্তম্ভ স্থাপন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর প্রেক্ষাপটে দুই দেশের যৌথ দলের জরিপে এগুলো সংস্কার ও পুনর্নির্মাণের সুপারিশ করা হয়। এই সুপারিশ কার্যকর করতেই সম্পূরক প্রটোকল স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের ফলে নাফ নদীর বরাবর সীমান্ত সুনির্দিষ্ট করে বিরোধ সমাধান হবে।মোশাররাফ হোসাইন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তা বিষয়ে ২০০৩ সালে করা ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আরও ১০ বছরের জন্য নবায়ন করা হচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের জন্য এ-সংক্রান্ত খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আগামী ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এখন ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত এই চুক্তি নবায়ন হবে।বৈঠকে শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে গৃহীত পদক্ষেপ, গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত জ্বালানিবিষয়ক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং গত নভেম্বরে প্রধানমন্ত্রীর ভিয়েতনাম ও লাওস সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।ক্রিকেট দলকে অভিনন্দন: সভায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের ম্যাচে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।