বিএনপিকে দেয়ালঘেরা জায়গায় সমাবেশ করার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দল বিএনপিকে দেয়ালঘেরা স্থানে সভা-সমাবেশ করার অনুমোদন চাইতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘এমন জায়গায় সভা-সমাবেশ করতে চাইলে অনুমোদন দেওয়া সহজ হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (বিএনপি) যদি তাঁদের অফিস, দেওয়ালঘেরা জায়গা, মিলনায়তনে সমাবেশ করার প্রস্তাব দেন, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরীর বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন, তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগেই বলা হয়েছিল, শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিলে তার অনুমতি দেওয়া হবে। এর আগেও শর্ত ভেঙে সমাবেশ করা হয়েছে। পরিবেশ বিনষ্ট করা হয়েছে।’ তিনি বলেন, যেখানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে, সেখানে সমাবেশ করা হলে যানজট সৃষ্টি হয়।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে জনগণের জানমালের ক্ষতি করা হলে তার ক্ষতিপূরণ আদায়ের চিন্তা করা হচ্ছে।
এর আগে শহীদ উদ্দিন চৌধুরী ৩৭ অনুচ্ছেদ উল্লেখ করে পয়েন্ট অব অর্ডারে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে বলেছেন সভা-সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু গত পরশু দিন বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হলে আজ পুলিশ কমিশনার বলেছেন, ওপরের নিষেধ আছে। তিনি জানান, যদি যানজটের কথা উঠে, তাহলে দরকার হলে তাদের পল্টন, মুক্তাঙ্গন বা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দেওয়া হোক। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শহীদ উদ্দিন বলেন, যদি এভাবে চলতে থাকে তবে তাঁদের কঠিন ও কঠোর এমনকি হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে হবে।
প্রসঙ্গত, সংবিধানের ৩৭ অনুচ্ছেদে নিরস্ত্র অবস্থায় সভা-সমাবেশ করার অধিকারের কথা বলা হয়েছে।